আইসিটি রাপ্তানি আয়ের ৩০ শতাংশই আসে আউটসোর্সিং থেকে

২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:৪৪  
আইসিটি রাপ্তানি আয়ের ৩০ শতাংশই আসে আউটসোর্সিং থেকে। আর যারা ব্যক্তিগত ভাবে আউটসোর্সিং করেন তাদের মধ্যে প্রতি বছর ৬২-৭০ শতাংশ বেসিস সদস্য হয়ে এই খাতকে সমৃদ্ধ করছে। গত তিন বছরে শতাধিক ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগে ফ্রিল্যান্সিং করে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বেসিস মিলনায়তনে ‘আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে আগামী ১৮ এপ্রিল এই অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে আয়োজন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০২০ এর আহ্বায়ক ও বেসিস এর জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব ফারহানা এ রহমান। তিনি জানান, আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন রপ্তানি আয়ে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে যারা আউটসোর্সিং করছেন তাদের প্রণোদিত করতেই এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশান সার্ভিসেস (বেসিস)। এবারের আয়োজনে দেশের প্রতিটি জেলা থেকে একজন করে মোট একশত জনকে পাঁচ ক্যাটাগরিতে এবং নারীদেরকে আউটসোর্সিং এ আগ্রহী করার জন্য বিশেষ অ্যাওয়ার্ড দেয়া হবে। এসময় উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, আয়োজন সহযোগী ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী ও বেসিস পরিচালক রাশাদ কবির। বেসিস এর সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি অর্থ মুশফিকুর রহমান এসময় উপস্থিত ছিলেন।